২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে প্রাইভেটকার চাপায় কলেজছাত্রীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গোপালপুর নামক স্থানে শনিবার সকালে প্রাইভেটকার চাপায় এক কলেজছাত্রী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 10:53 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

গোপালগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গোপালপুর নামক স্থানে শনিবার সকালে প্রাইভেটকার চাপায় এক কলেজছাত্রী মারা গেছেন। নিহতের নাম- রামিমা (১৮)। তিনি রামদিয়া সরকারি এস কে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি পাশ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লংকবাচর গ্রামে। দুর্ঘটনার পর তার সহপাঠিরা গাছ ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সকাল ৯টা থেকে প্রায় তিন ঘণ্টার অবরোধের সময় মহাসড়কের উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. হায়দার আলী খান ঘটনাস্থালে গিয়ে বিচারের আশ্বাস দিলে ছাত্ররা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়। প্রত্যক্ষদর্শী গোপালপুর বাসকাউন্টারের নুরুল ইসলাম (৩৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পর হওয়ার সময় প্রাইভেটকারটি রামিমাকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান রামিমা। পরে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১১-০৬২৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। তিনি জানান, আহত অবস্থায় প্রাইভেটকারের আরোহী আলমগীর (৩৫) ও জাহাঙ্গীরকে (২০) পুলিশ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ২১১ বোতল ফেনসিডিল। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন খান বলেন, আলমগীর ও জাহাঙ্গীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৭ ঘ.