ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে বসবাসরত এক বাংলাদেশী শুক্রবার রাজধানীতে এক সেমিনারে জানিয়েছেন, সেদেশে হুন্ডির ব্যবস্থা না থাকলে অনেক বাংলাদেশীই দেশে টাকা পাঠাতে পারতেন না।
২৭ বছর সৌদি আরবে বসবাসরত ডা. আরিফুর রহমান নামের ওই প্রবাসী আরও জানান, দেশটিতে ব্যাংকিং সিস্টেমের কড়াকড়ির কারণে অনেক বাংলাদেশী ব্যাংকের মাধ্যমে বাড়িতে টাকা পাঠান না।
হোটেল শেরাটনে 'বাংলাদেশ মিশনের ভূমিকা ও অভিবাসী শ্রমিক' শীর্ষক ওই সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন। সেখানে অধিকাংশ বক্তা ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রবাসী রহমান বলেন, "সৌদি আরবে প্রায় ৫০ হাজার বাংলাদেশী ব্যবসায়ী রয়েছেন। তাদের চেহারা দেখে বুঝতে পারবেন না যে তারা লাখ লাখ টাকার মালিক।
"এসব অক্ষর জ্ঞানহীন মানুষ লাখ লাখ ডলার ব্যাংকে রাখেন। কিন্তু তারা যখন ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর চেষ্টা করেন তখন সৌদি গোয়েন্দা পুলিশ তাদের পাকড়াও করে অর্থপাচারের অভিযোগ আনেন।"
তাই তাদের কেউ কেউ হুন্ডির মাধ্যমে দেশে অর্থ পাঠাতে চান বলেও জানান তিনি।
রহমান বলেন, সৌদি আরব বিদেশিদের নাগরিকত্ব না দেওয়ায় বাংলাদেশীদের অবশ্যই দেশটি ছেড়ে চলে আসতে হবে।
তিনি বলেন, "আমাদেরকে দেশে ফিরে আসতে হবে। তাই সৌদি আরবে সম্পদ রেখে তারা কী করবেন?"
রহমান আরও জানান, সেদেশের বড় শহরগুলোতে কর্মরত বাংলাদেশী শ্রমিকরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সুবিধা পেলেও ছোট শহরগুলোর শ্রমিকদের এ সুবিধা খুবই কম।
বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী, প্রবাসী বাংলাদেশীরা বৈধ চ্যানেলে ২০০৮ সালে ৯০০ কোটি ডলারেরও বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এইচএ/২০০৫ ঘ.
bdnews24