ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাহমুদুল হক ভূইয়াকে শুক্রবার ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাহমুদকে গ্রেপ্তারের প্রতিবাদে সকালে জেলা শহরে মিছিল করেছে ছাত্রলীগ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে শহরের কাজিপাড়ায় বাড়ি থেকে মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
রেজাউল করিম বলেন, "একটি অপহরণের মামলায় মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।"
মাহমুদ গ্রেপ্তারের প্রতিবাদে সকাল ১১টার দিকে জেলা শহরে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিল শেষে সমাবেশ থেকে মাহমুদের মুক্তি দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩০০ ঘ.
bdnews24