দিনাজপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে বুধবার রাতে ফেরদৌস (২৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফেরদৌস কক্সাবাজারের ঈদগাহ বাজার এলাকার সওদাগর পাড়ার নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, তাকে হত্যা করে বস্তায় ভরে বিজির ভিটা নামকস্থানে ইছামতি নদীর তীরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
ফেরদৌসের ছোট ভাই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধিকে বলেন, ফেরদৌস ভুট্টা কেনার জন্য চার লাখ ৬০ হাজার টাকা নিয়ে গত ২৩ জুন দিনাজপুর যান। সেখানে আমিন নামের এক ব্যক্তির মাধ্যমে তার ভুট্টা কেনার কথা ছিল। ২৫ জুন পর্যন্ত ফেরদৌসের সঙ্গে মোবাইল ফোনে তাদের যোগাযোগ ছিল। পরে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, বুধবার রাত ৮টায় ইছামতি নদীর তীর থেকে ফেরদৌসের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে দুর্বৃত্তরা।
তিনি জানান, ফেরদৌসের এক বন্ধু তাকে খুঁজতে এসেছিলেন। তিনিই লাশ শনাক্ত করেছেন। ফেরদৌসের পরিবারের লোকজন আসার পর মামলা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24