২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিনাককে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করুন: বিএনপি

ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিএনপির পক্ষে ওই দাবি তোলেন মাহবুবউদ্দিন খোকন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিএনপির পক্ষে ওই দাবি তোলেন মাহবুবউদ্দিন খোকন। তিনি ওই কমিটিতে বিরোধী দল বিএনপির একমাত্র সদস্য। সংসদ ভবনে কমিটির বৈঠকের পর মাহবুবউদ্দিন সাংবাদিকদের বলেন, "পিনাক রঞ্জন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন, তা পররাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেছেন। তাই তাকে প্রত্যাহারে পররাষ্ট্র মন্ত্রণালয় যেন ভারতের কাছে চিঠি দেয়, সে দাবি আমি জানিয়েছি।" বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর বক্তব্য নিয়ে 'ব্যক্তিগত' মত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বুধবার বলেন, আমি মনে করি, তিনি (পিনাক) হয়তো কূটনৈতিক শিষ্টাচার মানেননি। সংসদীয় কমিটির সভায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও ছিলেন। তবে তিনি সাংবাদিকদের কিছু বলতে চাননি। বিএনপি সাংসদ মাহবুবউদ্দিন দাবি করেন, পররাষ্ট্রমন্ত্রী পিনাককে প্রত্যাহার না করার পক্ষে অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। মাহবুবউদ্দিন বলেন, "পররাষ্ট্রমন্ত্রী সভায় বলেছেন, অতীতেও অনেক কূটনীতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। কিন্তু তাদের প্রত্যাহার করা হয়নি।" তিনি বিতর্কিত টিপাইমুখ বাঁধ প্রকল্প সম্পর্কে ভারত সরকারের দেওয়া তথ্য-উপাত্ত সরবরাহেরও আহ্বান জানান। সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কেএইচ মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, "সভায় এক সদস্য বিষয়টি (পিনাককে প্রত্যাহার) তুলেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী তার জবাব দিয়েছেন। "টিপাইমুখ বাঁধ পানি সম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট ইস্যু। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই।" এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। গত ২১ জুন ঢাকায় দীপু মনির উপস্থিতিতে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির এক সেমিনারে ভারতীয় হাইকমিশনার টিপাইমুখ বাঁধের বিরোধিতার জন্য বাংলাদেশের রাজনৈতিক মহলসহ বিভিন্ন মহলের সমালোচনা করেন। বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তির বিরোধিতা এবং ভারতবিরোধী বক্তব্য দেওয়ার জন্য বিএনপি নেতৃত্বাধীন জোটের সমালোচনা করে পিনাক বলেন, এ সবের উদ্দেশ্য হলো রাজনৈতিক ফায়দা লোটা। বিএনপিসহ বিভিন্ন মহল ভারতীয় হাইকমিশনারের এ বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যায়িত করে তার বহিষ্কার দাবি করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকম/কেআরসি/এমআই/১৬২৫ ঘ.