২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জেলায় দুর্ঘটনায় নিহত ৯

বাগেরহাট, নরসিংদী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার স্কুলছাত্রসহ নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিআইডাব্লিওটিএ-এর দুই কর্মচারীও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 08:49 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট, নরসিংদী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার স্কুলছাত্রসহ নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিআইডাব্লিওটিএ-এর দুই কর্মচারীও রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট-খুলনা সড়কের সিঅ্যান্ডবি বাজার এলাকায় ট্রাক ও ভাড়ায় চালিত মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এর দুই কর্মচারী হাওলাদার হারুণ অর রশিদ (৪৫), হাবিব খলিফা (৩৮) এবং মোটর সাইকেল চালক বাগেরহাট সদর উপজেলার মো. লাবলু হাসান (২৯)। বাগেরহাটের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির জানান, বাগেরহাট সদর হাসপাতালে নিহতদের লাশের ময়না তদন্তের পর পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি জানান, সদর উপজেলার মাধবদী সংলগ্ন টাটাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের চাপায় ঘটনাস্থলেই এক ভ্যানচালক এবং তার ছেলে নিহত হয়েছে। এরা হলেন, হানিফ মিয়া (৪০) ও সোলেমান (১৫)। নরসিংদী পুলিশ সুপার মো. আলি মিয়া জানান, লাশ দুটো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার বিলাসপুর এলাকায় জয়দেবপুর-শিমুলতলী সড়কে যাত্রীবাহী বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রসহ চার জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, গাজীপুর ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মো. রিফাতসহ চার জন নিহত হয়েছে। অন্যরা হলেন, একটি এলুমিনিয়াম কারখানার কর্মচারী মো. মনির হোসেন (২৭), হাসান মিয়া (৩০) ও কামাল হোসেন (২৬)। এ ঘটনায় মামলা হয়েছে বলে ওসি রশিদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৫৫ ঘ.