ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা নাজমুল হুদা এবং জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে 'রং হেডেড পারসন (সুস্থ মস্তিষ্কের নয়)' আখ্যা দিয়ে হাইকোর্ট তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি নিষ্পত্তি করে দিয়েছে।
বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার মামলাটি নিষ্পত্তি করে বলেছেন, যারা আদালতের ভাবমূর্তি ও মর্যাদা সম্পর্কে কোনও জ্ঞান রাখে না, তাদের প্রতি রুল জারির করার কোনও প্রয়োজন নেই। আল্লাহ তাদের হেদায়েত করবে।
স্বাধীনতার ঘোষণা নিয়ে হাইকোর্টের রায়ের প্রতি বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে নাজমুল হুদা ও কামারুজ্জামানের বিরুদ্ধে বুধবার হাইকোর্টে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জাফর সাদী।
আবেদনকারীর কৌঁসুলী মনজিল মোর্শেদ মামলা নিষ্পত্তির আদেশের পর সাংবাদিকদের বলেন, "আদালত নাজমুল হুদা ও মুহাম্মদ কামারুজ্জামানকে 'অসুস্থ মস্তিষ্কের অপদার্থ ব্যক্তি' বলে অভিমত দিয়েছেন।"
তিনি বলেন, "আদালত যুক্তরাষ্ট্রের একটি রায়ের নজির তুলে ধরে বলেছেন, ওই দেশের এক ব্যক্তি জাতীয় পতাকা অবমাননা করায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। আদালত বিচার করে জানতে পারেন, পতাকার যে মর্যাদা দিতে হবে সেই জ্ঞানই ওই ব্যক্তির ছিল না। তাই তার বিরুদ্ধে মামলাটিও নিষ্পত্তি করে দেওয়া হয়েছিল।"
হাইকোর্ট গত ২১ জুন রায়ে বলে, জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক। মুক্তিযোদ্ধা এমএ সালামের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রায় হয়।
২৯ জুন জাতীয় প্রেসক্লাবে 'স্বাধীনতার ঘোষক বিতর্ক এবং হাইকোর্টের রায়' শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির সহসভাপতি নাজমুল হুদা এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান হাইকোর্টের রায়কে 'ব্যক্তিগত' এবং 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৪২০ ঘ.
bdnews24