২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটিয়ে বাঘ হত্যা

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার ভোররাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে এই বাঘ হত্যার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 07:08 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

অলীপ ঘটক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বাগেরহাট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার ভোররাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে এই বাঘ হত্যার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ইসাহাক আলী সাংবাদিকদের জানান, ভোররাতে একটি বাঘ সুন্দরবন থেকে ভোলা নদী পার হয়ে দক্ষিণ রাজাপুর গ্রামে ঢুকে পড়ে। তিনি বলেন, "বাঘটি এক বাড়িতে ঢুকে একটি কুকুর হত্যা করে। এরপর গ্রামবাসী বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।" রায়েন্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য লাইলী কাঞ্চন জানান, শাজাহান শরীফের বাড়িতে ঢুকে একটি কুকুর হত্যা করার পর বাঘটি পাশের বাড়ির ইসমাইল খাঁর বাড়িতে ঢুকে। তিনি বলেন, "বাঘটি পালানোর সময় শাহজাহান এটাকে দেখে ফেলে। তখন তিনি গ্রামবাসীকে খবর দেন। পরে গ্রামবাসী জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে বাঘটিকে ইসমাঈল খাঁর বাড়ির একটি ঘরে আটকে পিটিয়ে হত্যা করে।" বাঘ হত্যার এই ঘটনা বন কর্মকর্তারাও স্বীকার করেছেন। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বিপুল কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্বল প্রকৃতির একটি পূর্ণবয়স্ক বাঘিনী বৃহস্পতিবার ভোররাতে ভোলা নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়লে গ্রামবাসী এটিকে হত্যা করে।" মৃত বাঘটি বন বিভাগ উদ্ধার করেছে। বিপুল কুমার জানান, বাঘিনীটি দৈর্ঘ্যে ছয় ফুট। দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসে এর ময়নাতদন্ত হয়েছে। এই ঘটনায় শরণখোলা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন-১৯৭৩ অনুযায়ী একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.