নাটোর, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১০ সালের মধ্যে দেশের সব সার্ভার স্টেশন তৈরির কাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য এরই মধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। এটি অচিরেই সংসদে আইন আকারে পাশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বুধবার সন্ধায় নাটোর সার্কিট হাউজে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় ছহুল হোসাইন এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের পাঠানো টাকার সরবরাহ স্বাভাবিক থাকায় দেশে এখনও বিশ্ব মন্দার প্রভাব পড়েনি। তাই দেশের স্বার্থে তাদের ভোটার করে নেওয়া হবে।
ছহুল হোসাইন পরে নাটোর সার্ভার স্টেশনের জন্য সার্কিট হাউজের পাশে একটি জায়গা পরির্দশন করেন।
অন্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার এস এম মুসা সে সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/টিআর/০২২৫ ঘ.
bdnews24