ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উন্নত চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বুধবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
গত সোমবার বাসার বাথরুমে পিছলে পড়ে আঘাত পান স্বরাষ্ট্রমন্ত্রী।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের রাত ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে সাহারা খাতুন যাত্রা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মোশারফ হোসেন।
মন্ত্রীর একান্ত সচিব ও একজন চিকিৎসক তার সঙ্গে রয়েছেন।
এর আগে এক তথ্যবিবরণীতে বলা হয়, ঢাকার চিকিৎসকের পরামর্শে স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর শ্যামলীর ট্রমা সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হকের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ আগামী ৩ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/ডিডি/টিআর/০১৫৮ ঘ.
bdnews24