২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্টে টিসিবির মাধ্যমে ভোজ্য তেলসহ খাদ্যপণ্য বিক্রি শুরু

আগামী রোজায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবি'র মাধ্যমে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোজ্য তেল, ডাল ও চিনি বিক্রি শুরু হবে। আগস্টের ২০ তারিখ থেকে আরবি রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী রোজায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবি'র মাধ্যমে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোজ্য তেল, ডাল ও চিনি বিক্রি শুরু হবে। আগস্টের ২০ তারিখ থেকে আরবি রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠক শেষে মন্ত্রী ফারুক খান এ তথ্য দেন। তিনি আরো বলেন, "একচেটিয়া ব্যবসা রোধে প্রতি উপজেলায় দু'জন করে এজেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে।" আগস্টের প্রথম সপ্তাহে ভোজ্য তেল, চিনি ও ডালের প্রথম কিস্তি টিসিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানান মন্ত্রী। ফারুক খান বলেন, "আগস্টের ২০ তারিখ থেকে রোজা শুরুর সম্ভাবনা রয়েছে। এজন্য বাজার নিয়ন্ত্রণে এর আগেই টিসিবি'র মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রি শুরু করা হবে।" বাণিজ্যমন্ত্রী জানান দ্বিতীয় পর্যায়ে ছোলা, পেঁয়াজসহ অন্যান্য খাদ্যপণ্যও আমদানি করা হবে। সংসদীয় কমিটির চেয়ারম্যান আবদুল জলিল সাংবাদিকদের জানান, রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে মন্ত্রণালয়কে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, "ইতোমধ্যে টিসিবি'র পণ্য বিক্রির জন্য ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিগগিরই এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।" বাজারে পণ্যমূল্য পর্যবেক্ষণে টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক দুটি মনিটরিং সেল থাকার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "এছাড়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও (এফবিসিসিআই) একটি মনিটরিং সেল রয়েছে। "আমরা এই তিনটি সেলের প্রতিবেদনের ভিত্তিতেই বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২০৪৯ঘ.