২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে 'যুদ্ধাপরাধের' অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলা

কথিত যুদ্ধাপরাধের অভিযোগে মৌলভীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আইনজীবীসহ ১৫ জনকে আসামি করে বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

মৌলভীবাজার, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কথিত যুদ্ধাপরাধের অভিযোগে মৌলভীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আইনজীবীসহ ১৫ জনকে আসামি করে বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে। মৌলভীবাজারের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন কমলগঞ্জ উপজেলার বড়চেক গ্রামের মোতালিব মিয়া। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মিছির উল্যা, কমলগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার খাঁ, উপজেলার চন্ডিপুর গ্রামের মান্নান মিয়া, জগন্নাথপুর গ্রামের ছিদ্দিক মিয়াসহ অজ্ঞাত পরিচয়ের ১৫ জন। মামলায় এক শ' থেকে দেড় শ জনকে সাক্ষী করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অভিযুক্তরা স্বাধীনতা বিরোধী তৎপরতা, ধর্ষণ, হত্যা, রাজাকার, আলবদর ও পাকিস্তানী বাহিনীর 'দোসর' হিসেবে কাজ করেছিলেন। মুখ্য বিচারিক হাকিম সোহেল রানা বিষয়টি তদন্ত করে দেখার জন্য কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মৌলভীবাজারে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের পদ খালি রয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিমুদ্দিন জানান, আদালতের আদেশ এখনও থানায় এসে পৌঁছেনি। আদালতের নির্দেশ হাতে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০১৫ ঘ.