২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট মামলা আরও তদন্তের আবেদনের আংশিক শুনানি

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দুটি আরও (অধিকতর) তদন্তের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর বুধবার আংশিক শুনানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 06:15 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দুটি আরও (অধিকতর) তদন্তের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর বুধবার আংশিক শুনানি হয়েছে। মামলার অন্যতম আসামি আরিফ হোসেন সুমনের পক্ষে এদিন তার আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করলেও অপর এক আসামি সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর পক্ষের আইনজীবীরা আদালতের কাছে সময় চান। বিএনপি নেতা পিন্টুর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ১ নং দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন আগামী ১২ জুলাই তাদের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করেছেন। সুমনের আইনজীবী আমিনুল গণি টিটো আদালতে বলেন, দ্রুত বিচার আইনে অধিকতর তদন্তের সুযোগ থাকলেও আইন অনুযায়ী রাষ্ট্রপক্ষ আবেদন করেনি। তিনি বলেন, অধিকতর তদন্তের আবেদন মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে করতে হয়। যদি তদন্ত কর্মকর্তা মনে করেন, মামলার জন্য কোনও গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। কিংবা কোনও আসামির নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তবে তিনি (তদন্ত কর্মকর্তা) আবেদন করবেন। কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে আবেদন এসেছে। রাষ্ট্রপক্ষের বিশেষ প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান গত বৃহস্পতিবার অধিকতর তদন্তের আবেদন করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নাজিমুদ্দিন রোডে স্থাপিত বিশেষ এজলাসে মামলা দুটির বিচার চলছে। মোট ৪ শতাধিক সাক্ষীর মধ্যে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে হয়েছে। সাক্ষীদের মধ্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলও রয়েছেন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর ২০০৮ সালের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় 'ভুয়া' আসামি সাজিয়ে এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগও রয়েছে। সিআইডির দেওয়া অভিযোগপত্রে সালাম পিন্টু, তার ভাই সন্দেহভাজন গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিন এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করা হয়। এদের পিন্টু ও মুফতি হান্নানসহ ১৩ জন কারাগারে রয়েছেন। পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ বাকিরা পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২২০ ঘ.