ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনের বেলা রাজধানীর রাস্তায় দেড় টনের বেশি ধারণ ক্ষমতার কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার বিকেলে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক এতে সভাপতিত্ব করেন।
মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ কর্মদিবসে (রবি থেকে বৃহস্পতিবার) দিনের বেলায় দেড় টনের বেশি ধারণ ক্ষমতার কাভার্ড ভ্যান ঢাকার রাস্তায় চলতে পারবে না। তবে শুক্র ও শনিবার সরকারী ছুটির দিনে এসব ভ্যান দিনের বেলায়ও রাজধানীর রাস্তায় চলাচল করতে পারবে।
দেড়টনের বেশি ধারণ ক্ষমতার কাভার্ড ভ্যানের চলাচল রাত থেকে ভোর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।
আর ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে বেলা ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাড্ডা প্রগতি স্মরণী দিয়ে কাভার্ড ভ্যান চলাচল করতে দেওয়া হবে।
এছাড়া সভায় যানজট কমাতে যাত্রাবাড়ী কাঁচাবাজার ও মাছের আড়ত এলাকায় সকাল বেলায় রাস্তার ওপর ট্রাক থামিয়ে মালামাল ওঠানামা করতে না দেওয়ার জন্য সংশ্লিষ্ট ট্রাফিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের আগের সিদ্ধান্ত অনুযায়ী দিনের বেলায় রাজধানীতে বড় ট্রাক ঢুকতে না দেওয়া হলেও কাভার্ড ভ্যান চলাচল করতে দেওয়া হতো। এর সুযোগ নিয়ে দিনের বেলায় ঢাকায় চলাচলের সুবিধার্থে ট্রাক মালিকরা ট্রাকের বহিরাবরণ পরিবর্তন করে এগুলোকে কাভার্ড ভ্যানে রূপান্তরিত করে ফেলেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24