২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নয়া আইন পাসের তিন মাসের মধ্যে পৌরসভা, ইউনিয়ন নির্বাচন'

সংসদে নতুন আইন পাস হওয়ার তিন মাসের মধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

রাজশাহী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদে নতুন আইন পাস হওয়ার তিন মাসের মধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের অধ্যাদেশ সংসদ বাতিল করায় এ দু'টি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আগের আইনের আর কোন কার্যকরিতা নেই। নতুন আইনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন।" রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে মঙ্গলবার বিকেলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন। ভোটার তালিকা তৈরি এবং জাতীয় পরিচয়পত্রের জন্য উত্তরাঞ্চলের বিভিন্ন সার্ভার স্টেশন পরিদর্শনে রাজশাহী আসেন ছহুল হোসাইন। এখন থেকে সার্ভার স্টেশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরি, হালনাগাদ, ভুল সংশোধন ও ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ করা হবে বলে জানিয়ে ছহুল হোসাইন বলেন, "ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার ওয়েবক্যাম্প আরও উন্নত করা হচ্ছে। এরপরও যদি কারো ছবিতে অস্পষ্টতার অভিযোগ থাকে, তাহলে তিনি নিজেই ভালো ছবি দিলে তা গ্রহণ করা হবে।" নির্বাচন কমিশনার জানান, এর আগে প্রতি পাঁচ বছরের জন্য একবার ভোটার তালিকা হালনাগাদ করা হতো। সার্ভার স্টেশনের মাধ্যমে এখন থেকে প্রতি বছর এই তালিকা হালনাগাদ করা সম্ভব হবে। তিনি জানান, বুধবার থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। এ কারণে দেশের ৫০২টি উপজেলা, ৫৪টি জেলা ছাড়া আরও ১০টি আঞ্চলিক সার্ভার স্টেশন স্থাপন করা হবে। হলফনামায় সালাউদ্দিন কাদের চৌধুরী মিথ্যা তথ্য দেওয়ার কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, এ ধরণের পরিস্থিতিতে স্পিকারকেই সিদ্ধান্ত দিতে হবে। এখানে কমিশনের করার কিছুই নেই। আগামী ২৫ জুলাই পর্যন্ত রাজনৈতিক দলগুলো নিবন্ধন করতে পারবে বলে নির্বাচন কমিশনার জানান। তিনি বলেন, "এরই মধ্যে ৩৮টি দল নিবন্ধন করেছে। নির্দিষ্ট সময়ের পর কোনো দল সময় চাইলে সময় বাড়নো যেতে পারে।" এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহীর উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মুহাম্মদ মুসা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/