বরিশাল, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামে সোমবার রাতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।
নিহতের নাম লিটন হাওলাদার (৩৫)। তিনি নগরবাড়ী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশোক কুমার নন্দী বলেন, বিরোধপূর্ণ একটি জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে সাড়ে ৮ টার দিকে লিটনের সঙ্গে প্রতিবেশী মিন্টু হাওলাদারের কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে মিন্টু ও তার সঙ্গী আলাউদ্দিন লাঠি দিয়ে লিটনকে পিটুনি দেয় বলে জানিয়ে তিনি বলেন, এতে লিটন গুরুতর আহত হয়।
লিটনকে উদ্ধার করে আত্মীয়-স্বজন স্থানীয় গৈলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩২১ ঘ.
bdnews24