চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহা-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীর জামিনের আবেদন চতুর্থবারের মতো নাকচ করেছে চট্টগ্রামের একটি আদালত।
মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ শুনানি শেষে সোমবার দুপুরে এই আদেশ দেন। রেজ্জাকের আইনজীবীরা অস্ত্র আটকের ঘটনায় চোরাচালান আইনে দায়ের করা মামলায় জামিনের আবেদন করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত মহানগর পিপি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় গ্রেপ্তার অন্যান্য আসামির জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে রেজ্জাকের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ অবস্থায় তাকে জামিন দেওয়া হলে মামলার তদন্ত কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বিচারক তাকে জামিন দেননি।
এর আগে এ ব্যপারে দায়ের করা অস্ত্র মামলায় মহানগর হাকিম আদালত দু'বার এবং মহানগর দায়রা জজ আদালত একবার রেজাক্কুলের জামিন না-মঞ্জুর করেছিল।
একই আদালতে আগামী ১ জুলাই মামলার অপর দুই আসামি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) মহাব্যবস্থাপক এনামুল হক ও এনএসআই'র সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনের জামিনের আবেদনের শুনানি হবে।
এনএসআই'র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) গত ১৫ মে ঢাকার বাসা থেকে রেজ্জাকুল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করে।
সিআইডি দু'দফায় জিজ্ঞাসাবাদ করলেও তিনি এখন পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/টিআর/২০৫৭ ঘ.
bdnews24