২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবহির্ভূত হত্যাকান্ড কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

'ক্রসফায়ার' ও 'এনকাউন্টারের' নামে বিচারবহির্র্ভূত হত্যাকান্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ক্রসফায়ার' ও 'এনকাউন্টারের' নামে বিচারবহির্র্ভূত হত্যাকান্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিকেলে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাষ্ট ও কর্মজীবী নারীর দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। আদেশের পর রিট আবেদনকারীর কৌসুলি ব্যারিস্টার সাইফুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্রসফায়ার ও এনকাউন্টারের নামে বিচারবহির্ভূত হত্যাকান্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে।" তিনি শুনানিতে বলেন, ২০০৪ সালে র‌্যাব গঠনের পর র‌্যাব ও পুলিশের ক্রসফায়ার ও এনকাউন্টারে ৯৬৯ জন মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যাকান্ডের পর ক্রসফায়ার বা এনকাউন্টারের একই সাজানো কাহিনী বলা হয়েছে। ব্যারিস্টার সাইফুর বলেন, বিচারবহির্ভূত হত্যাকান্ড মানবাধিকারের লংঘন। এছাড়া এ ধরনের হত্যাকান্ড সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রেরও পরিপন্থি। তিনি বলেন, ক্রসফায়ার ও এনকাউন্টারের নামে হত্যাকান্ড সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৫ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক মানবাধিকারের লংঘন। ব্যারিস্টার সাইফুর বলেন, কেউ অপরাধী হলে ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী তার বিচার করা যাবে। বিচারে সে দোষী হলে শাস্তি পাবে। কিন্তু বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যা করা যাবে না। অপরদিকে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানিতে বলেন, বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিপক্ষে। ক্রসফায়ারের নামে যেন কাউকে হত্যা করা না হয় সে বিষয়ে সরকার সতর্ক। এ তিনটি মানবাধিকার সংগঠন গত ২১ জুন বিচারবহির্ভূত হত্যাকান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯৩৯ ঘ.