চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্রে আগুন লেগে একটি দামি গামা ক্যামেরাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম পুড়ে গেছে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এই প্রতিষ্ঠানে আগুন লাগে রোববার মধ্যরাতে। এতে কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট এসে তা নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক ত্র"টির কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
চট্টগ্রাম পরমাণু চিকিৎসা কেন্দ্রের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুড়ে যাওয়া গামা ক্যামেরাটির দাম প্রায় দুই কোটি টাকা। এছাড়া ক্যামেরার ফিল্মসহ কমপক্ষে ৫০ লাখ টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে।
ক্যামেরাটি পুড়ে যাওয়ায় কেন্দ্রের চিকিৎসা কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়ে ওই চিকিৎসক বলেন, যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য গামা ক্যামেরাটিকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়েছিল। কিন্তু কক্ষটিতে যে ধরণের কেব্ল ও সুইচবোর্ডসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে তা খুবই নিম্নমানের।
এ কারণে আগেও বেশ কয়েকবার সুইচবোর্ড নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার জানিয়েছেন। কিন্তু কোন ফল পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/টিআর/২১৩২ ঘ.
bdnews24