ঢাকা, জুন ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক সংকট কেটে গেলে বাংলাদেশী ৫৫ হাজার শ্রমিককে ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার অর্থমন্ত্রী আহমদ হুসনি হানাদজালাহ।
রোববার নিউইয়র্কে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে তিনি একথা জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও উন্নয়নে এর প্রভাব শীর্ষক জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে বর্তমানে দীপু মনি নিউইয়র্ক রয়েছেন।
গত ১০ মার্চ মালয়েশিয়া সরকার কলিং ভিসার ওপর স্থগিতাদেশ দেওয়ায় ৫৫ হাজার বাংলাদেশী কর্মীর সেদেশে যাওয়া আটকে যায়।
বৈঠকে শ্রমিকদের জন্য মালয়েশিয়াকে উপযুক্ত স্থান হিসেবে তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "সংস্কৃতি, ধর্ম, এমনকি আবহাওয়াও একই ধাঁচের হওয়ার পছন্দের তালিকায় বাংলাদেশীরা সব সময়ই মালয়েশিয়াকে ওপরের দিকে রাখেন।"
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জবাবে মালয়েশিয়ার অর্থমন্ত্রী মন্দা কেটে গেলে এই ৫৫ হাজার শ্রমিককে দেশটিতে কাজ করতে যাওয়ার জন্য ভিসা দেওয়া হবে বলে দীপু মনিকে আশ্বস্ত করেছেন।
এতে আরো বলা হয়, দীপু মনি 'বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ ও মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানির সম্ভাবনা' শীর্ষক একটি সেমিনার আয়োজনের প্রস্তাব করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২৪৬ঘ.
bdnews24