২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ানবাজার হত্যাকাণ্ড: সেই সাদা মাইক্রোবাসটি আটক

কারওয়ানবাজারে ট্রিপল মার্ডারের ঘটনায় ব্যবহৃত সাদা মাইক্রোবাসটির সন্ধান পেয়েছে পুলিশ। সেইসঙ্গে আটক করা হয়েছে এর চালককে। পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারওয়ানবাজারে ট্রিপল মার্ডারের ঘটনায় ব্যবহৃত সাদা মাইক্রোবাসটির সন্ধান পেয়েছে পুলিশ। সেইসঙ্গে আটক করা হয়েছে এর চালককে। পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা জানান, শনিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে চালকসহ সাদা রঙের মাইক্রোবাসটি আটক করা হয়। এর পেছনের একটি গ্লাস ভাঙ্গা। আটকের পর ড্রাইভারকে গোয়েন্দা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। এনিয়ে ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আটক করা হলো। এর আগে শনিবার সকালে রাজধানীর তেজগাঁও থেকে সোহাগ (২২) ও প্রদীপ (২১)কে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হন। নিহতরা হলেন জাতীয় পার্টির তেজগাঁও শাখার সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আশরাফ মিঞা এবং ফারুকের দেহরক্ষী নূরউদ্দীন সরকার জুয়েল। হত্যাকান্ড শেষে ঘাতকরা সাদা রঙের একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়। কারওয়ান বাজার ১ নম্বর ডিআইটি মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে ওই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্যবসায়িক দ্বন্দ্ব ও মার্কেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এছাড়া আব্দুর রহিম নামের অপর একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ও আড়ত ব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন। শুক্রবার রাতেই ফারুক মোল্লার ভাই মোবারক স্থানীয় বিএনপি নেতা এল রহমান, নবী সোলায়মান, সাঈদ, নূরুল ইসলাম এবং অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, জাতীয় পার্টি নেতা ফারুক মোল্লার সঙ্গে অনেকদিন ধরে স্থানীয় বিএনপির ওই চার নেতার ব্যবসায়িক বিরোধ চলছিল। বিরোধের জের ধরে আসামীরা ভাড়াটে খুনি দিয়ে তাদের হত্যা করেছে। কারওয়ান বাজারে ফারুক ও আশরাফের ফলের আড়ত ও ব্যবসা প্রতিষ্ঠান আছে। নিহত ফারুক কারওয়ান বাজার ফল আড়ত মালিক সমিতির সভাপতি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২২০০ ঘ.