২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হোটেল প্লট হস্তান্তরে জোট সরকারের নীতিমালা বাতিল

পর্যটন শিল্পের বিকাশ এবং সমুদ্র সৈকতে পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে বরাদ্দ দেওয়া প্লট হস্তান্তরে বিএনপি-জামায়াত জোট সরকারের নীতিমালা বাতিল করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন শিল্পের বিকাশ এবং সমুদ্র সৈকতে পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে বরাদ্দ দেওয়া প্লট হস্তান্তরে বিএনপি-জামায়াত জোট সরকারের নীতিমালা বাতিল করেছে সরকার। ঝিলংজা মৌজার এসব প্লট বরাদ্দে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিমান ও পর্যটন সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কক্সবাজারে হোটেল ও মোটেল জোনে খাস জমি বন্দোবস্ত নীতি সংশোধন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় রোববার এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা এতে সভাপতিত্ব করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের, ভূমি সচিব দেলোয়ার হোসেন, বিমান ও পর্যটন সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াসউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা সাংবাদিকদের বলেন, "এসব প্লট বরাদ্দ ও হস্তান্তরে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে। এতে পর্যটন সচিব আহ্বায়ক এবং ভূমি মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তাই এতে সদস্য হিসেবে থাকবেন ।" কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই মন্ত্রণালয় এসব প্লটের বরাদ্দ বাতিল করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানান পর্যটন মন্ত্রী জিএম কাদের। এ সম্পর্কে তিনি বলেন, ২০০২ সালের পর বিভিন্ন সময় কক্সবাজারে বরাদ্দ দেওয়া ৮৭টি প্লটের মধ্যে অধিকাংশই বরাদ্দপ্রাপ্তরা অন্যের কাছে হস্তান্তর করেছেন। এজন্য জোট সরকারের সময় নীতিমালায় পরিবর্তন আনা হয়েছিল। পরিবর্তিত নীতিমালায় হস্তান্তরের ক্ষেত্রে ২৫ শতাংশ মূল্য সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান করা হয়। তবে এজন্য ভূমি মন্ত্রণালয়ের পূর্ব অনুমোদনের প্রয়োজন ছিল। রেজাউল করিম হীরা জানান, সরকার হস্তান্তরের ওই নীতিমালাই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে এ অন্তবর্তী সময়ের মধ্যে কোন প্লট হস্তান্তর বা ব্যবহার না করারও সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭১৮ ঘ.