সাভার (ঢাকা), জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনসারের গুলিতে এক সহকর্মী নিহতের প্রতিবাদে রোববার সকাল থেকে সাভারের আশুলিয়া এলাকায় বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।
পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক আহত হয়েছে বলে স্থানীয়রা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষের কারণে সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার জামগড়া এলাকার এসসুহি ইন্ড্রাস্টিয়াল পার্কে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর আনসার সদস্যরা গুলি চালালে আল আমিন নামে এক শ্রমিক নিহত হয়।
এর প্রতিবাদে রোববার সকালে জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১১৫৬ ঘ.
bdnews24