২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফকো কর্মকর্তা খুনের ঘটনায় স্ত্রী, শাশুড়িসহ তিনজন আটক

চট্টগ্রামে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর কর্মকর্তা আওরঙ্গজেব হোসেন মিঠু হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী-শাশুড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর কর্মকর্তা আওরঙ্গজেব হোসেন মিঠু হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী-শাশুড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক করা তিনজন হলেন- মিঠুর স্ত্রী শাহনুর বেগম প্রিয়া, শাশুড়ি ডা. হামিদা বারী, মিঠুর বাসার দারোয়ান মহিউদ্দিন। শাহনুর ও ডা. হামিদাকে শনিবার দুপুরে তাদের হিলভিউ আবাসিক এলাকার বাসা থেকে আটক করা হয়। একই এলাকা থেকে মহিউদ্দিনকে আটক করা হয় সকালে। শুক্রবার নগরীর পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকার বাসা থেকে কাফকো'র ক্রয় কর্মকর্তা মিঠুর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা কমপক্ষে দুই/তিন আগে পেশাদার খুনীরা তাকে নির্যাতনের পর খুন করে বাসার বাইরে থেকে তালা দিয়ে যায়। পাঁচলাইশ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিবদর্শক মাহমুদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য পেতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। তিনি জানান, দুপুরে ময়নাতদন্তের পর মিঠুর মরদেহ নগরীর মিসকিন শাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আজিজ জানান, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহ বা দ্বন্দ্ব থাকতে পারে- এ ধারণা থেকে স্ত্রী ও শ্বাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে খুনের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে বলে তিনি মনে করেন। তিনি জানান, হত্যাকাণ্ডের বেশ কিছু দিন আগে থেকেই মিঠু ও শাহনুর আলাদা থাকতেন। দেড় মাস থেকে দুই সন্তান তাদের মায়ের সঙ্গে থাকতে শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৪৫ ঘ.