ঝিনাইদহ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মোবারকগঞ্জ রেল স্টেশনে শনিবার বিকেলে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় বোমা বিস্ফোরণে ছয় যাত্রী আহত হয়েছেন।
আহত যাত্রীরা হলেন- চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জের আবু বক্কর ও জলি বেগম, দর্শনার মোবারাক পাড়ার রাবেয়া খাতুন, তৃষা, তমা ও মানিক।
এদের মধ্যে আবু বক্কর, জলি বেগম ও মানিককে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
রেলওয়ের পাকশি বিভাগের ব্যবস্থাপক এস এম মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রেনটি বিকেল সাড়ে পাঁচটার দিকে মোবারকগঞ্জ স্টেশনে ঢোকার পরপরই বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কামরার ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুরো কামরা ধোঁয়া আচ্ছন্ন হয়ে গিয়েছিল।"
তিনি জানান, একটি পলিথিনের ব্যাগের ভেতর বোমা রাখা ছিল। কারা বোমা রেখে গেছে সেটা প্রাথমিক ভাবে জানা যায়নি।
মাহবুবুল আলম জানান, ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। বিস্ফোরণের কারণে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট রেজাউল করিম বলেন, ট্রেনের কামরায় বোমা বিস্ফোরণের খবর তিনি পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24