২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা আইন নিয়ে রিট করবে সুজন

উপজেলাসহ বিভিন্ন আইনে সরকার যে পরিবর্তন এনেছে, তার বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বেসরকারি সংগঠন সুজন। নিজেদের 'সুবিধা মতো' এ সব আইনে পরিবর্তন আনা হয়েছে অভিযোগ করে সুজন সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ শনিবার বলেছেন, এ সব পরিবর্তনের এখতিয়ার সরকারের আছে কি না, তা জানতেই রিট করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলাসহ বিভিন্ন আইনে সরকার যে পরিবর্তন এনেছে, তার বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বেসরকারি সংগঠন সুজন। নিজেদের 'সুবিধা মতো' এ সব আইনে পরিবর্তন আনা হয়েছে অভিযোগ করে সুজন সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ শনিবার বলেছেন, এ সব পরিবর্তনের এখতিয়ার সরকারের আছে কি না, তা জানতেই রিট করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজধানীর বিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, "এ রিটের বাদি হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত বাদি না পাওয়া গেলে জনস্বার্থে 'সুজন' বাদি হয়েই রিট দাখিল করবে।" খুব শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে মোজাফফর জানান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যে স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ-২০০৯ জারি করে, তাতে কিছু পরিবর্তন এনে 'সংশোধিত উপজেলা পরিষদ আইন-২০০৯' পাস করে বর্তমান সরকার। উপজেলা চেয়ারম্যানদের অভিযোগ, এতে তাদের ওপর সাংসদদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। বিয়াম মিলনায়তনে "সংশোধিত উপজেলা পরিষদ আইন-২০০৯ এ সংসদ সদস্যদের কর্তৃত্বই বহাল রেখে, স্থানীয় প্রশাসনের সমন্বয় নয়- নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হয়েছে" শীর্ষক বারোয়ারি বিতর্ক সভায় আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। এতে প্রধান অতিথি ছিলের অধ্যাপক মোজাফফর। তিনি বলেন, "বাংলাদেশে গণতন্ত্র পরিপূর্ণভাবে বিকাশ লাভ করতে পারেনি। এ কারণে স্থানীয় সরকার ব্যবস্থাটিও বিকশিত হতে পারছে না।" সুজন (সুশাসনের জন্য নাগরিক) সভাপতি অভিযোগ করেন, সাংসদরা 'সুযোগ' পেয়ে আইনকে ব্যবহার করে নিজেদের সুযোগ-সুবিধা বাড়িয়ে নিয়েছেন। বিতর্ক সভায় সমন্বয়ক এলিনা খান বলেন, "প্রশাসনের সব পর্যায়ে জবাবদিহিতা থাকা দরকার। সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের কাজে সমন্বয় থাকা প্রয়োজন, নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব নয়। কারণ উভয়েই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি।" সভায় অধিকাংশ বক্তা বলেন, বর্তমান উপজেলা ব্যবস্থায় উপজেলা চেয়ারম্যানদের সাংসদের অধীনে স্বাধীনতাহীনভাবে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমআই/১৭৩৫ ঘ.