২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরউদ্দিন সংসদ অবমাননা করেছেন: তদন্ত কমিটি

সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে সংসদ অবমাননার অভিযোগ করেছে তার দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটি। তলব করা হলেও সংসদীয় তদন্ত কমিটির বৈঠকে শনিবার হাজির হননি সাবেক স্পিকার। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে সংসদ অবমাননার অভিযোগ করেছে তার দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটি। তলব করা হলেও সংসদীয় তদন্ত কমিটির বৈঠকে শনিবার হাজির হননি সাবেক স্পিকার। সংসদ ভবনে তদন্ত কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান ফজলে রাব্বী মিয়া বিকালে সাংবাদিকদের বলেন, "এই কমিটিতে না এসে তিনি প্রকারান্তরে সংসদ অবমাননা করলেন।" এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "সংসদ সচিবালয় আইন-১৯৯৪ অনুযায়ী, স্পিকার তার সব কর্মকাণ্ডের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী থাকবেন।" জমিরউদ্দিন সরকার হাজির না হওয়ায় কমিটির পরবর্তী পদক্ষেপ কী হবে- জানতে চাওয়া হলে আওয়ামী লীগ সাংসদ ফজলে রাব্বী বলেন, "আগামী ৩০ জুন এবং ১ জুলাই বৈঠক করে আমরা দুর্নীতির অভিযোগগুলো চূড়ান্ত করব। এরপর স্পিকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে।" তিনি বলেন, "তিনটি উপকমিটির প্রতিবেদন আমরা পুঙ্খনাপুঙ্খভাবে দেখেছি। এর আলোকে চলতি অধিবেশনেই জাতীয় সংসদে সুপারিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।" কমিটির সদস্য শাহজাহান খান জানান, আগামী ৫ জুলাই তারা স্পিকারের কাছে সুপারিশ জমা দেবেন। ১১ সদস্যের ওই কমিটি গত ২০ জুন সাবেক স্পিকারকে তলব করেছিল। তবে অভিযোগের নথিপত্র সরবরাহ না করাকে কারণ দেখিয়ে বৈঠকে হাজির হননি জমিরউদ্দিন। তদন্ত কমিটি অবশ্য বলেছিল, শনিবারের বৈঠকে হাজির হলেই জমিরউদ্দিনকে ওই সব নথিপত্র দেওয়া হবে। তদন্ত কমিটি সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকেও তলব করেছিল। তবে তারাও আসেননি। সাংসদদের দাবির মুখে স্পিকার আব্দুল হামিদ গত ১৯ মার্চ জমিরউদ্দিন সরকার এবং অন্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ১১ সদস্যের কমিটি গঠন করেন। সাবেক স্পিকার, সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক চিফ হুইপের অভিযোগ তদন্তের সুবিধার জন্য তিনটি উপ কমিটিও গঠন করা হয়। জমিরউদ্দিন সরকার শনিবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কথিত দুর্নীতির অভিযোগের প্রমাণপত্র সংবলিত নথিপত্র আমাকে না দেওয়ায় আমি বৈঠকে যাইনি।" বিএনপির এই নেতা (বর্তমান সাংসদ) জানান, তিনি এখন বগুড়ায় নিজের নির্বাচনী এলাকায় আছেন। সাবেক স্পিকার বলেন, "তারা (কমিটি) আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে আছে, আমার বিরুদ্ধে সুপারিশ করবে। তাই আমাকে তারা নথিপত্র দেয়নি।" "আমাকে যদি অভিযোগের নথিপত্রই না দেওয়া হয়, তবে আমি কমিটিতে গিয়ে আত্মপক্ষ সমর্থনে কী বলব"- পাল্টা প্রশ্ন করেন তিনি। কমিটি অভিযোগের নখিপত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে দাবি করে জমিরউদ্দিন বলেন, "তারা (কমিটি) যদি নথিপত্র দেয়, তবে ভবিষ্যতে বৈঠকে হাজির হতে আমার আপত্তি নেই।" আত্মপক্ষ সমর্থনে বক্তব্য নিয়ে শনিবারের বৈঠকে হাজির হওয়ার জন্য গত ২১ জুন জমিরউদ্দিন সরকারকে চিঠি পাঠানো হয়। নথিপত্র চেয়ে পরদিন তিনি কমিটিকে একটি চিঠি দেন। একটি উপ-কমিটির তদন্তে দেখা যায়, জমিরউদ্দিন তার চিকিৎসার জন্য অবৈধভাবে ২৮ লাখ টাকা উত্তোলন করেছেন। অন্য উপ-কমিটির অনুসন্ধানে দেখা যায়, বিএনপি মহাসচিব (সাবেক চিফ হইপ) খোন্দকার দেলোয়ার বিদেশে চিকিৎসার জন্য 'এমপি ক্লাব' এর তহবিল থেকে ১৮ লাখ টাকা নেন। আখতার হামিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল তার গাড়ির জন্য নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৬২৪ ঘ.