২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে খেলাঘরের সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার দু'দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 06:54 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার দু'দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী মো. আফসারুল আমীন। উদ্বোধন শেষে নানা রংয়ের ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন শাখা আসরের শিশু-কিশোর সদস্য ও সংগঠকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী সুখী-সুন্দর বাংলাদেশ গড়তে শিশু-কিশোরের মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। আফসারুল আমীন বলেন, একটি সমৃদ্ধ জাতি গড়তে হলে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কাজে খেলাঘরসহ অন্যান্য সংগঠন গড়ে তোলার বিকল্প নেই। খেলাঘরের চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পান্না কায়সার, সাধারণ সম্পাদক আবদুল মতিন, যুগ্ম সম্পাদক আবুল ফারাহ পলাশ, সাংবাদিক এম নাসিরুল হক প্রমুখ। সন্ধ্যায় মুসলিম হলে বিভিন্ন শাখা আসরের বন্ধুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বৃহস্পতিবার সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ডা. একিউএম সিরাজুল ইসলামকে সভাপতি, প্রকৌশলী রুপক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট খেলাঘর, চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০৫৫ ঘ.