চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ জননী জাহানারা ইমামকে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন।
শুক্রবার শহীদ জননীর ১৫তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত কর্মসূচি থেকে যুদ্ধাপরাধীদের বিচার এবং ৭২ সংবিধান পুন:প্রতিষ্ঠার মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার দাবি জানানো হয়।
সকালে নগরীর প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম শাখা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানববন্ধন ও গণশপথ কর্মসূচি পালন করেন। শপথ পাঠ করান অগ্নিযুগের বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। প্রধান বক্তা ছিলেন- খেলাঘরের কেন্দ্রীয় সভানেত্রী পান্না কায়সার।
যুদ্ধাপরাধের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের কয়েকশ' নেতাকর্মী শপথ গ্রহণ করেন।
বিকেলে আবৃত্তি সংগঠন প্রমা নগরীর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা এবং জাহানারা ইমামকে নিবেদিত কবিতা পাঠের আয়োজন করে।
সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, ফারুক-ই-আজম বীর প্রতীক।
তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার মধ্য দিয়ে শহীদ জননীর স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
আলোচনা সভা শেষে একটি শোক শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24