পাবনা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গরম কমলে ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া (লোডশেডিং) আরও কমে আসবে বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেন, "ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনার ফলে দেশে প্রতিদিন ১৭৫ মেগাওয়াট থেকে ২০৫ মেগাওয়াট সাশ্রয় হচ্ছে। ফলে লোডশেডিং কমে এসেছে। গরম কমলে লোডশেডিং আরও কমে আসবে। তখন মানুষজন এর সুফল ভালভাবে বুঝতে পারবে।"
বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলার ভূলবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "আমার কাছে বিদ্যুৎ চাইলে আমি দিতে পারব না। তা ছাড়া স্কুল, কলেজ, রাস্তা ঘাট অন্য যা চান তার সবই দেওয়ার চেষ্টা করব।"
প্রতিমন্ত্রী বলেন, "বিগত সাত বছর দেশে কোন বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর নামে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে।"
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন, ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, পৌর চেয়ারম্যান মিরাজুৃদ্দিন, স্কুলের প্রধান শিক্ষিক মর্শিয়া খাতুন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24