নওগাঁ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর আত্রাই উপজেলায় বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি'র এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম- মো. সেলিমকে (৩৮)। তিনি উপজেলার ভোপাড়া ইউনিয়নের মহাদীঘি গ্রামের খোদা বখস প্রামাণিকের ছেলে।
সেলিম ফাঁসি হওয়া জেএমবির শীর্ষস্থানীয় নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই'র অন্যতম সহযোগী ছিলেন বলে জানিয়েছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।
তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর সেলিম বাড়ি ফিরেছেন- এমন খবর পেয়ে পুলিশ মহাদীঘি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি জানান, ২০০৪ সালের এপ্রিল মাসে সর্বহারা দমনের নামে আত্রাই এলাকায় জাগ্রত মুসলিম জনতার নির্যাতনের সময় বাংলা ভাই'র সহযোগী ছিলেন সেলিম। এলাকায় চাঁদাবাজি, নির্যাতন, হত্যা ও লুটপাটসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন।
ওসি মোয়াজ্জেম জানান, ওই সময় আত্রাইয়ের ভবানীপুর স্কুল মাঠে শেখ ফরিদ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যাসহ তিনটি হত্যা মামলা, চাঁদাবাজি ও নির্যাতনের মামলা রয়েছে সেলিমের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৬ ঘ.
bdnews24