২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানবাহনে আগামী জুনের মধ্যে গতি নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপনের নির্দেশ

দেশের সব যানবাহনে আগামী বছরের ৩০ জুনের মধ্যে গতি নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহষ্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব যানবাহনে আগামী বছরের ৩০ জুনের মধ্যে গতি নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহষ্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়। গত বছরের ১০ মার্চ এক বছরের মধ্যে সব পাবলিক যানবাহনে 'গতি নিয়ন্ত্রণ সিল' স্থাপনের ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে হাইকোর্টের আদেশ পালন না হওয়ায় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন। আদালত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান ও পরিচালককে এ ব্যাপারে তলব করলে তারা বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হন। শুনানি গ্রহণ শেষে আদালতের আদেশে বলা হয়, ২০১০ সালের ৩০ জুনের মধ্যে গাড়িতে এমন গতি নিয়ন্ত্রক যন্ত্র স্থাপন করতে হবে, যাতে গতি নিয়ন্ত্রণ করা যায় ও কেন্দ্রীয়ভাবে তা তদারক করা যায়। এই সময়সীমার পর আর সময় বাড়ানো হবে না বলেও হাইকোর্ট আদেশ দেয়। এই সময়সীমার মধ্যে যেসব গাড়িতে গতি নিয়ন্ত্রক যন্ত্র স্থাপন করা হবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টে আদেশে আরও বলা হয়, দেশের সব যানবাহনের গতি মনিটরের জন্য এই সময়সীমার মধ্যে বিআরটিএ ও সব ট্রাফিক হেড কোয়ার্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতি-সরঞ্জাম স্থাপন করতে হবে। আর এই ব্যবস্থা কার্যকরের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নিয়োগের ব্যবস্থা নিতে সংস্থাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। ২০১০ সালের ৩০ জুলাই এ বিষয়ে পরবর্তী নির্দেশ দেবে হাইকোর্ট। ২০০৭ সালের ১২ ডিসেম্বর দৈনিক যুগান্তরে 'অকালে ঝরে গেলো সূচী' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ঢাকা সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সাদিয়া আফরিন সূচী গত ১১ ডিসেম্বর সকালে কম্পিউটার পরীক্ষা দিয়ে ধানমণ্ডির ৫ ও ৬ নম্বর সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। দ্রুত তাকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। ওই প্রতিবেদন দেখে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর হাইকোর্ট সরকারের প্রতি স্বপ্রণোদিত রুল জারি করে বলেছিল, বাস, মিনিবাস, ট্রাকসহ পাবলিক যানবাহনের গতি নিয়ন্ত্রণে কেন 'গতি নিয়ন্ত্রণ সিল' বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশ দেওয়া হবে না। ইন্টারভেনর হিসাবে আদালতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮৫৫ ঘ.