২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কারখানা বসানোর জন্য তৈরি সাভার চামড়া শিল্পনগরী'

কারখানা বসানোর জন্য সাভার চামড়া শিল্প নগরী তৈরি। এ তথ্য জানিয়ে ওই প্রকল্পের পরিচালক শহীদুল হক হাজারীবাগ থেকে কারখানা সরিয়ে নিতে ট্যানারি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। হাইকোর্টও আগামী ফেব্র"য়ারির মধ্যে হাজারীবাগ ট্যানারিমুক্ত করার নির্দেশ দিয়েছে। তবে ট্যানারি মালিকরা বলছেন, ব্যাংক ঋণসহ কিছু জটিলতার জন্য এ সময় পর্যাপ্ত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে চামড়া শিল্প নগরীর কাজ শেষ হওয়ায় হাজারীবাগ থেকে কারখানা সরিয়ে নিতে ট্যানারি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পনগরী কর্তৃপক্ষ। প্রায় ২০০ একর জমির ওপর স্থাপিত 'চামড়া শিল্পনগরী ঢাকা'র প্রকল্প পরিচালক শহীদুল হক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ট্যানারি মালিকদের বলেছি, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) ছাড়া আমাদের আর সব কিছু প্রস্তুত। আপনারা হাজারীবাগ থেকে শিল্প স্থানান্তর শুরু করুন।" তিনি বলেন, "জমি অধিগ্রহণ, উন্নয়ন, রাস্তা, ড্রেনেজ, বিদ্যুৎ ও পানির লাইন তৈরি করা হয়েছে। প্লট হস্তান্তর কাজও শেষ। এখনই শুরু করলেও শিল্প স্থানান্তর কাজ শেষ হতে সময় লাগবে। তাই স্থানান্তর কাজ দ্রুত শুরু করা দরকার।" ২০১০ সালের ২৮ ফেব্র"য়ারির মধ্যে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সব ট্যানারি সরিয়ে নিতে গত মঙ্গলবার নির্দেশ দেয় হাইকোর্ট। একই আদেশে আগামী বছরের জুন মাসের মধ্যে দেশের সব শিল্প কারখানায় বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশও দেওয়া হয়। হাজারীবাগে ১৯৪টি ট্যানারি শিল্প রয়েছে। যা নগরীতে পরিবেশ দূষণ ঘটাচ্ছে বলে বিশেষজ্ঞদের অভিমত। কিন্তু শিল্প স্থানান্তরের ক্ষেত্রে এ সময় পর্যাপ্ত নয় বলে মনে করছেন ট্যানারি মালিকরা। বেশ কয়েকটি জটিলতার কথাও জানিয়েছেন তারা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাজারীবাগে যে সব প্রতিষ্ঠান বা বাড়ির বিপরীতে ব্যাংক ঋণ নেওয়া হয়েছে, শিল্প নগরীতে প্লটের বিপরীতে সেটা পরিবর্তন করতে হবে। কিন্তু ব্যাংকগুলোর সঙ্গে এ নিয়ে কোনও সমঝোতায় আসতে পারিনি আমরা। "এছাড়া বিশ্বমন্দার কারণে আমাদের অনেক অবিক্রিত চামড়া রয়ে গেছে। সেগুলো স্থানান্তর করাও এখন সমস্যা এবং ক্ষতিপূরণের বিষয়টিও ভাবতে হবে।" এদিকে আদালতের নির্দেশ থাকলেও আগামী জুনের মধ্যে চামড়া শিল্প নগরীতে সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার) স্থাপন সম্ভব হবে না বলে মনে করছেন চামড়া শিল্প নগরীর প্রকল্প পরিচালক শহীদুল হক। তিনি বলেন, "সিইটিপি স্থাপন নিয়ে হাইকোর্টে মামলা চলছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত কাজ শুরু করা যাচ্ছে না। আর সিইটিপি স্থাপনের কাজ শুরু হলে এটি শেষ করতে ১৫ থেকে ১৮ মাস সময় লাগবে।" ২০০৩ থেকে চামড়া শিল্প নগরীর কাজ শুরু হয়। সিইটিপি স্থাপনের জন্য ২০০৬ সালে দুইবার দরপত্র আহ্বান করা হয়। প্রতিবারই একটি করে প্রতিষ্ঠান অংশ নেয়। এরপর ২০০৭ সালের আবার দরপত্র আহ্বান করা হলে দুইটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ উদ্যোগের ডব্লিউবিডিসি, জেভি প্রতিষ্ঠান কাজ পায়। কিন্তু ভুয়া কাগজপত্র দাখিল করার অভিযোগ তুলে সরকার তাদের কার্যাদেশ বাতিল করে দেয়। এরপর মামলা করে ডব্লিউবিডিসি, জেভি। আগামী ফেব্র"য়ারির মধ্যে যদি হাজারীবাগ থেকে শিল্প স্থানান্তর সম্ভব হয় তাহলে সিইটিপি ছাড়াই কি কাজ শুরু করা যাবে - এ প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক বলেন, "হাইকোর্ট জুনের মধ্যে সব শিল্প কারখানায় ইটিপি স্থাপন করতে বলেছে। ওই সময়ের অবস্থা অনুযায়ীই তখন করণীয় ঠিক করা যাবে।" ২০০৭ সালে চামড়া শিল্প নগরী ঢাকার প্রকল্প প্রস্তাবনা সংশোধন করা হয়। এতে সিইটিপি স্থাপনের জন্য যে খরচ হবে তা প্লট মালিকদের কাছ থেকে ২০ বছরে কিস্তির মাধ্যমে আদায় করার বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়। এ বিষয়ে আপত্তি করে ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, "এর পুরো খরচ সরকারেরই বহন করা উচিৎ।" চামড়া শিল্প নগরীতে ১৫৪টি শিল্প প্রতিষ্ঠানকে প্রায় ২০০টি প্লট দেওয়া হয়েছে বলে জানান শহীদুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮৩৫ ঘ.