ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার চারপাশের চারটি নদী বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু বাচাঁতে নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সরকারকে কয়েকটি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
১ জুলাই থেকে এসব নির্দেশ কার্যকরের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের একটি দ্বৈত বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা একটি জনস্বার্থ বিষয়ক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
আদালত আগামী চার মাসের মধ্যে নদীগুলোর সীমানা নির্ধারণের নির্দেশ দিয়েছে। এছাড়া নদীগুলোর তীরের সকল অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। আগামী ছয় মাসের মধ্যে এই আদেশ কার্যকর করতে বলা হয়েছে। বর্তমানে পরিচালিত উচ্ছেদ অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত বলেছে, উচ্ছেদ কার্যক্রমের সময় কেউ যত প্রভাবশালীই হোক না কেন বৈষম্যহীনভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হবে।
সিএস রেকর্ড অনুসারে আদালত নদী চারটির জরিপ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও ভূমি জরিপ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে। জরিপ কাজের সঙ্গে জড়িত সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের জরিপ চলাকালে বদলি করা যাবে না।
পরবর্তী ছয় মাসের অর্থাৎ আগামী বছরের ৩০ মের মধ্যে নদী চারটির সীমানা চিহ্নিত করে সীমানা খুঁটি স্থাপনের জন্যও তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়।
এর পরের ছয় মাস অর্থাৎ ২০১০ সালের ৩০ নভেম্বরের মধ্যে নদীর মধ্যে রাখা ময়লা-আবর্জনা, বালু, মাটিসহ যাবতীয় দ্রব্যাদি অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নদী চারটিকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতে হবে।
পরবর্তী ছয় মাসের মধ্যে অর্থাৎ ২০১১ সালের ৩১ মের মধ্যে নদী তীরে বনায়ন ও চলাচলের পথ তৈরির নির্দেশও দিয়েছে আদালত।
এছাড়া আদালত রায়ে বলেছে, পানি উন্নয়ন বোর্ড নদীগুলোরও ড্রেজিংএর ব্যবস্থা করবে।
আদালতের এ সব নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে দায়িত্বপ্রাপ্তরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে আদালত রায়ে উল্লেখ করা হয়।
শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে অংশ নেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম।
গত ৪ জুন ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ, দখল, ভরাট ও অবৈধ নির্মাণ বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এজন্য আর কত সময়ের প্রয়োজন তা জানতে হাইকোর্টের এই বেঞ্চ ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসককে তলব করেছিল।
হাইকোর্টের নির্দেশে গত ৮ জুন বিচারপতিদের খাস কামরায় ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসক, ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও ভূমি জরিপ অধিদপ্তরের পরিচালক হাজির হয়েছিলেন।
হাইকোর্টের একই বেঞ্চ গত ২৪ মে রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী দখল, ভরাট ও নদী তীরে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এমআই/এইচএ/১৬৪৫ ঘ.
bdnews24