ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন হয় বলে জানিয়েছেন স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী।
তিনি জানান, প্রয়োজনে মইনুল হোসেনকে সংসদীয় কমিটিতে তলব করা হবে।
ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের মধ্যে মইনুল হোসেন দ্বিতীয়, যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি হলো।
এর আগে এম এ মতিনের বিষয়ে একটি তদন্ত কমিটি হয়।
মইনুল হোসেনের অনিয়ম তদন্তে গঠিত কমিটির প্রধান করা হয়েছে আওয়ামী লীগ সাংসদ নসরুল হামিদকে। অপর সদস্যরা হলেন, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঁইয়া মোহন, এনামুল হক ও লুৎফর রহমান।
ফজলে করিম সাংবাদিকদের জানান, কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনি (মইনুল) উপদেষ্টা থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করেছেন। তার অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পরই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।"
অভিযোগকারীর পরিচয় জানাতে রাজি হননি স্থায়ী কমিটির চেয়ারম্যান।
মইনুল হোসেনের বিরুদ্ধে অভিযোগের একটি চিত্র তুলে ধরে তিনি বলেন, "উনি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা থাকার সময় রাজধানীর বারিধারায় নিজের বাড়ির তথ্য গোপন করে বিভিন্ন স্থানে নিজের এবং স্ত্রী-ছেলের নামে সরকারি জমি নিয়েছেন।"
প্রয়োজনে মইনুল হোসেনকে তলব করার কথা জানিয়ে ফজলে করিম বলেন, "আমরা একতরফাভাবে কোনও কিছু করতে চাই না। সুতরাং আত্মপক্ষ সমর্থনে প্রয়োজনে তাকে সংসদীয় কমিটিতে ডাকা হবে।"
ক্ষোভের বশবর্তী হয়ে এই তদন্ত কমিটি করা হয়েছে কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, "উনার (মইনুল) প্রতি আমি ব্যক্তিগতভাবে রাগান্বিত নই। তবে জরুরি অবস্থার পর তিনি রাজনৈতিক নেতাদের প্রতি অনেক বিষোদগার করেছিলেন।"
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থার পর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মইনুল হোসেন। দায়িত্ব পালনের সময় বিভিন্ন মন্তব্যের জন্য বিতর্কিতও হন তিনি। বছর পূর্তির কয়েকদিন আগে ২০০৮ সালের ৮ জানুয়ারি আরও চার উপদেষ্টার সঙ্গে তিনি পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ কেআরসি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24