ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে সারাদেশে গত ৩১ মে পর্যন্ত ১৫২২ জনকে আসামি করে ১১৯টি মামলা হয়েছে।
মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর অনেক নেতাই এসব মামলার আসামি।
বৃহস্পতিবার সংসদে কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ জাকির হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে যারা বিভিন্ন জেলায় মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ যেমন নরহত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে সারাদেশে ৩১ মে পর্যন্ত ১১৯টি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, এর মধ্যে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও কেরানীগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের সঞ্চালক এবং বাংলাদেশ মসজিদ কাউন্সিলের চেয়ারম্যান মওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দায় মামলা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
সংসদে উপস্থাপিত বিবরণীতে জানানো হয়, ১১৯টি মামলায় ১৫২২ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় সহস্রাধিক আসামির নাম-পরিচয় নেই।
বিবরণীতে আরও জানানো হয়, মামলাগুলোয় গ্রেপ্তারের সংখ্যা ৭০ জন। এর মধ্যে ৫৭ জন জামিনে মুক্ত আছেন, বাকিরা কারাগারে।
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সকালে সংসদ অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24