২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র খালাস তদারককারী 'আবুল হোসেন' বলে চিহ্নিত হলেন লিয়াকত

বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে টিআই মহড়ায় দশ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী বরখাস্তকৃত দুই পুলিশ সার্জেন্ট আলাউদ্দিন ও হেলালউদ্দীন সাবেক এনএসআই কর্মকর্তা লিয়াকতকে শনাক্ত করেছেন। অভিযোগ রয়েছে, সিইউএফএল জেটি ঘাটে নিজে উলফানেতা 'আবুল হোসেন' পরিচয়ে উপস্থিত থেকে অস্ত্র খালাস প্রক্রিয়া পুরোপুরি তদারকি করেন এনএসআই'র সাবেক উপ-পরিচালক লিয়াকত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে টিআই মহড়ায় দশ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী বরখাস্তকৃত দুই পুলিশ সার্জেন্ট আলাউদ্দিন ও হেলালউদ্দীন সাবেক এনএসআই কর্মকর্তা লিয়াকতকে শনাক্ত করেছেন। অভিযোগ রয়েছে, সিইউএফএল জেটি ঘাটে নিজে উলফানেতা 'আবুল হোসেন' পরিচয়ে উপস্থিত থেকে অস্ত্র খালাস প্রক্রিয়া পুরোপুরি তদারকি করেন এনএসআই'র সাবেক উপ-পরিচালক লিয়াকত। গ্রেপ্তারের পর সিআইডি'র জিজ্ঞাসাবাদে এ ঘটনায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছিলেন লিয়াকত। টিআই প্যারেডের সময় উপস্থিত উপ-কারারক্ষক (ডেপুটি জেলার) আবু মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমানের উপস্থিতিতে দুপুরে অনুষ্ঠিত টিআই প্যারেডে লিয়াকতসহ ১১ জন বন্দিকে হাজির করা হয়। এসময় মামলার দুই সাক্ষী আলাউদ্দিন ও হেলাল উদ্দীন আলাদাভাবে তাকে শনাক্ত করেন। শনাক্তকরণ শেষে এই দুই সার্জেন্ট উপস্থিত সাংবাদিকদের বলেন, টিআই প্যারেডে আবুল হোসেন পরিচয়ধারী লিয়াকত সাহেবকে চিনতে আমাদের কোনো ভুল হয়নি। তারা আরও বলেন, লিয়াকত নিজে সিইউএফএল ঘাটে উপস্থিত থেকে অস্ত্র খালাস কার্যক্রম পুরোপুরি তদারক করেন এবং অস্ত্রের চালান ধরা পড়ার পর উপস্থিত পাঁচ উলফা সদস্যকে পুলিশী হেফাজত থেকে ছাড়িয়ে নিয়েছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিয়াকত যে অস্ত্র খালাস ও চোরাচালানের সাথে যুক্ত তা টিআই প্যারেডে শনাক্তকরণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।" তিনি বলেন, লিয়াকত এর আগে দুই দফা জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে গেলেও পরে মত পাল্টান। সুতরাং সাক্ষীদের শনাক্তকরণের মাধ্যমে তার সম্পৃক্ততা নিশ্চিতভাবে প্রমাণিত হল। তদন্ত সঠিক পথে এগুচ্ছে বলে তিনি দাবি করেন। নাম প্রকাশ না করার শর্তে সিআইডি'র এক কর্মকর্তা জানান, শনাক্তকরণের পর লিয়াকত হোসেনের সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'উলফা'র সম্পৃক্ততাও খুঁজে দেখা হবে। সিআইডি সূত্রে জানা গেছে, কর্ণফুলী থানার তৎকালীন সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দীন জিজ্ঞাসাবাদে ২০০৪ সালে ওই অস্ত্র খালাসের সময় আবুল হোসেন নামে কথিত এক উলফা নেতার উপস্থিত থেকে খালাস কাজ তদারক করার তথ্য দিয়েছিলেন। লিয়াকত হোসেন এ মামলায় গ্রেপ্তারের পর এ দুই সার্জেন্ট পত্রিকায় ছবি দেখে তাকে কথিত আবুল হোসেন বলে সন্দেহ প্রকাশ করেন। অস্ত্র খালাসের সময় লিয়াকতের উপস্থিতি নিশ্চিত হতেই গত রোববার সিআইডি'র আবেদনের পরিপ্রেক্ষিতে টিআই প্যারেডের অনুমতি দেয় আদালত। গত ২৬ মে সিআইডি সাবেক এ গোয়েন্দা কর্মকর্তাকে ঢাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২৩৩২ঘ.