২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাগত দক্ষতা দিয়ে ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: সেনাপ্রধান

নবীন অফিসারদের পেশাগত দক্ষতা ও চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার উপদেশ দিলেন নতুন সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবীন অফিসারদের পেশাগত দক্ষতা ও চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার উপদেশ দিলেন নতুন সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৬০তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্স ও ৩১ বিএমএ স্পেশাল কোর্সের জেন্টলম্যান ও উইম্যান ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেনারেল মুবীন ক্যাডেটদের উদ্দেশে আরও বলেন, "মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।" এ সময় তিনি স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী সেনা সদস্যদের অবদানের কথা স্মরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)- এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনা প্রধান রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও মার্চপাস্টের অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে সেনাপ্রধান বিএমএতে পৌঁছলে স্থানীয় এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী ও বিএমএ কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল এ এম এম ওয়াজেদ ঠাকুর তাকে স্বাগত জানান। ৬০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ৬১ জন পুরুষ ও ৫ জন নারী এবং ৩১ তম বিএমএ স্পেশাল কোর্সে ৭ জন পুরুষ ক্যাডেট কমিশন লাভ করেছেন। এছাড়া ব্যাটেলিয়ান সিনিয়র আন্ডার অফিসার এস এম হাসনাত ফেরদৌস ৬০তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে সেরা চৌকষ ক্যাডেট হিসেবে 'সোর্ড অব অনার' লাভ করেন। সামরিক বিষয়ে অনন্য কৃতিত্বের জন্য কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার (সিএসইউও) ওয়াসিম আকরাম 'সেনা প্রধানের স্বর্ণপদক' পান। অনুষ্ঠানে উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বৈদেশিক মিশনের কূটনীতিক ও সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২২৫৫ঘ.