গোপালগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষী হাজির না হওয়ায় বুধবার গোপালগঞ্জে জঙ্গি তৎপরতা সংক্রান্ত মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ আবারও পেছানো হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক গোলাম মোর্শেদ শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন ২৭ আগষ্ট।
এ নিয়ে তিনবার মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো হলো।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রণজিৎ কুমার গামা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার ৩৬ সাক্ষীর মধ্যে কেবল বাদী মো. এমরান হোসেনের আংশিক সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অন্য সাক্ষীরা হাজির না হওয়ায় মামলার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।
শুনানীর জন্য র্যাব সদস্যরা কড়া নিরাপত্তায় ফরিদপুর কারাগার থেকে আহলে হাদিসের ৯ জঙ্গি মৌসুম মিয়া, তরিকুল ইসলাম, আ. নূর সাঈদী, সেলিমউদ্দিন সরদার, সওকত সরদার, আব্দুল্লাহ কাজী, ইশারত আলী, এইচএম রাসেল, এইচএম শাকিরুলকে গোপালগঞ্জ আদালতে হাজির করে বলে তিনি জানান।
২০০৫ সালের ১৭ জানুয়ারি রাতে কোটালীপাড়া ব্র্যাক অফিসে আহলে হাদিসের জঙ্গিরা ঢুকে কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাজা বোমা, অত্যাধুনিক পিস্তল ও মালামালসহ জঙ্গিদের গ্রেফতার করে।
এ ব্যাপারে কোটালীপাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/টিআর/২০১২ ঘ.
bdnews24