২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা ব্যর্থতাতেই একের পর এক হত্যাকাণ্ড: সাহারা

১৯৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে দেশে বড় ধরনের হত্যাকাণ্ডগুলোর জন্য গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকেই দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 09:24 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে দেশে বড় ধরনের হত্যাকাণ্ডগুলোর জন্য গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকেই দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আধুনিক কর্মপদ্ধতি নির্ধারণ করে দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে যুগোপোযোগী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির তৃতীয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই '৭৫ আমরা জাতির পিতা ও জাতীয় চার নেতাকে হারিয়েছি। এছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা এবং গত ২৫ ফেব্র"য়ারি পিলখানা হত্যাযজ্ঞে সেনা কর্মকর্তাদের জীবন দিতে হয়।" তিনি বলেন, "গোয়েন্দা ব্যর্থতার এসব বিষয় খতিয়ে দেখা হবে। যাদের অবহেলায় এসব ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকায় একটিসহ জেলা পর্যায়ে আরও ৪০টি মামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা সংস্থার কার্যক্রম কীভাবে আরও উন্নত করা যায় এবং ভবিষ্যতে যাতে তাদের কোনও ধরনের ব্যর্থতা না ঘটে সেসব বিষয়েও বৈঠকে আলেচনা হয়েছে বলে জানান তিনি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাহারা বলেন, "গত সরকার জঙ্গিবাহিনী ও সন্ত্রাসী লালন করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এতে আমরা সন্তুষ্ট নই। পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করে যাচ্ছি।" বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আইনমন্ত্রী শফিক আহমেদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক খন্দকার মাহমুদ হাসান, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার, আনসার-ভিডিপি'র মহাপরিচালকসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর ও কোস্টগার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এজে/এমআই/১৫২৩ ঘ.