২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল, চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নড়াইল ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। নড়াইলে বিক্ষুব্ধ কলেজ ছাত্ররা তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে। চাঁপাইনবাবগঞ্জ বিক্ষুব্ধ জনতা ট্রাকটি জ্বালিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 06:17 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। নড়াইলে বিক্ষুব্ধ কলেজ ছাত্ররা তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে। চাঁপাইনবাবগঞ্জ বিক্ষুব্ধ জনতা ট্রাকটি জ্বালিয়ে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল সদর উপজেলার আগাদিয়ার চর এলাকায় নড়াইল-নোয়াপাড়া-খুলনা সড়কে বাস চাপায় লিটন বিশ্বাস (১৭) নামের এক কলেজ ছাত্র মারা গেছেন। লিটন গোবরা মিত্র মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি আগদিয়া চর গ্রামের প্রয়াত সুকুমার বিশ্বাসের ছেলে। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ ছাত্ররা বাসটিতে আগুনে ধরিয়ে দেয়। তারা সকাল ১১টা থেকে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে। কলেজের শিক্ষক মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিটন বিশ্বাসসহ কয়েকজন ছাত্র নলদীর চর মোড় থেকে কলেজে আসার জন্য বাসে ওঠতে যায়। এ সময় বাসচালকের সহকারী তাকে ধাক্কা দিলে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে লিটনের মৃত্যু হয়। সদর থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-খাশেরহাট সড়কের শ্যামপুরে ট্রাক চাপায় মনিরুল ইসলাম (২৮) নামের একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি জ্বালিয়ে দিয়েছে। মনিরুল ইসলাম উপজেলার চাঁদপুর গ্রামের আইনাল হকের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কানসাট থেকে আম বোঝাই একটি ট্রাক খাসের হাট যাওয়ার সময় শ্যামপুর এলাকায় বাইসাইকেল আরোহী মনিরুলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিডিনধি/ডিডি/০০২২ ঘ.