ঢাকা জুন ২৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক তরুণী নিখোঁজ হয়েছে।
জান্নাতুল ফেরদৌস জেমি (২০) নামের এ তরুণী নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় নিরাপত্তা হেফাজতে ছিল। গত ১৯ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে (বেড নম্বর ৩৩) ভর্তি করা হয়। জেমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সকালে মেয়েটি বাথরুমে যাওয়ার কথা বলে ওয়ার্ড থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে পালিয়ে গেছে বলেই আমরা ধারণা করছি।"
তিনি জানান, এ ঘটনার পর কর্তব্যে অবহেলার অভিযোগে নায়েক নওশের, কনস্টেবল রফিকুল ইসলাম, কনস্টেবল রহিমা ও আনসার সদস্য আখিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি জিডিও করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এইচএ/২০০৩ ঘ.
bdnews24