ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে ডাকাতি করা এক ট্রাক ওষুধসহ দুই ডাকাতকে সোমবার ভোরে রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাতরা একটি মিনি ট্রাকে করে ওষুধগুলো মিটফোর্ড এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিলো বলে র্যাবের এক কর্মকর্তা বলেন।
এর আগে রোববার রাতে কিশোরগঞ্জের সোহা ফার্মেসি ও শাহজালাল মেডিসিন কর্নার নামের দু'টি দোকান থেকে ডাকাতরা ওষুধগুলো ডাকাতি করে।
র্যাব- ১ এর সহকারী পরিচালক আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপনে সংবাদ পেয়ে ক্যাপ্টেন মেহেদী ফয়সালের নেতৃত্বে একটি দল ধাওয়া করে গাজীপুরের মিরের বাজারে ট্রাকটি (ঢাকা মেট্রো ড ১১-১৩৫১) আটক করে। সেই সঙ্গে শওকত আলী (৩০) এবং মোঃ মফিজ (৩২) নামের দু'জনকে আটক করা হয়।
ট্রাক থেকে পশু চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন ও ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়ে তিনি বলেন, এর দাম প্রায় ২০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/টিআর/০০১০ ঘ.
bdnews24