ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া পরিশোধ না করায় সিঙ্গাপুরের সিংটেল কোম্পানি বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের স্যাটেলাইট সমপ্রচার সোমবার বিকাল থেকে বন্ধ করে দিয়েছে।
বিকাল পাঁচটার পর থেকে চ্যানেলটি সমপ্রচার আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়।
তবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছেন, 'কারিগরি কারণে' সমপ্রচার সাময়িকভাবে বন্ধ রয়েছে।
চ্যানেল ওয়ানের মহা ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবুল কাশেম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' টেকনিক্যাল কারণে সমপ্রচার সাময়িকভাবে বন্ধ রয়েছে। সিঙ্গাপুরে সিংটেলের সঙ্গে আমরা যোগাযোগ করছি। আশা করছি শিগগিরই সমপ্রচার আবার শুরু হবে।''
এদিকে সিংটেলের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, চ্যানেল ওয়ানের কাছে পাঁচ মাসের এক লাখ মার্কিন ডলারের বেশি অর্থ বকেয়া থাকায় স্যাটেলাইট সমপ্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।একাধিকবার এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে জানানোর পরও তারা কোনো জবাব দেয়নি। সোমবার বিকাল তিনটায় তাদের সর্বশেষ জানানো হয়।
চ্যানেল ওয়ান ছিল বিগত চারদলীয় জোট সরকারের সময় প্রতিষ্ঠিত নতুন চ্যানেলগুলোর অন্যতম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৫৪ঘ.
bdnews24