রাজশাহী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর বাগমারা উপজেলায় নির্যাতনের অভিযোগে সোমবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৩৮ সদস্যের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
মামলার আসামিরা সবাই ফাঁসি হওয়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন বলে এজাহারে বলা হয়েছে।
রাজশাহীর বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন উপজেলার মধ্যকিনা গ্রামের আমির আলী প্রামাণিক।
হাকিম আসাফ-উদ-দৌলা অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন বাগমারার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বিকেল পর্যন্ত আদালতের নির্দেশ থানায় এসে পৌঁছেনি। এ ব্যাপারে লিখিত নির্দেশ হাতে পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
মামলার আসামিরা হলেন- উপজেলার পলাশী গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে কিলার মোস্তাক, মামুনুর রশিদ ওরফে মামুন মুহরি, মোরশেদ, দক্ষিণ মাঝ গ্রামের লুৎফর রহমান প্রফেসর, সাঁকোয়ার আব্দুস সাত্তার বিএসসি, ক্ষুদ্রঝিনার এনামুল হক, সূর্যপাড়ার মতিউর রহমান, সিদ্দিকুর রহমান, আজাদুল ইসলাম, আমিনুল, হামিরকুৎসার আব্দুল কুদ্দুস, সাজুড়িয়ার আব্দুস সোবহান প্রামাণিক, আব্দুল বারিক, আবু তাহের সাহ, কর্ণপাড়ার শামসুদ্দিন, রিয়াজ উদ্দিন, আাজিমুদ্দিন মাস্টার, আব্দুল মান্নান, আজাহার আলী, মজিবর রহমান, মামুন প্রামাণিক, আব্দুল গণি, তৌহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, তাহেরপুরের গোলাম মোস্তফা বাবলু, ডা. এসএম মোখলেসুর রহমান, জাকারিয়া, সাত্তার মৌলভী, আব্দুল গফুর প্রামাণিক, তালঘরিয়ার মাহাতাব খামারু, ভবানীগঞ্জের ডিএম ফজলুর রহমান, দরগামাড়িয়ার হাবিবুর রহমান, বড় বিহানলীর সাহেব, যাত্রাগাছির হামিদ আলী, মঞ্জুর, নাটোরের নলডাঙ্গা থানার আয়ুব আলী, জিন্নাত ও আনোয়ার হোসেন।
এজাহারে ১৬ জন সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ২০০৪ সালের ৭ এপ্রিল আসামিরা বাদীকে বাড়ি থেকে অপহরণ করে হামির কুৎসার রমজান কায়ার বাড়িতে বাংলা ভাইয়ের ক্যাম্পে আটকে রেখে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সারা রাত তার উপর নির্যাতন চালানো হয়। পরদিন সকালে জ্ঞান ফিরলে ক্যাম্পের পাশের আমবাগানে কথিত আদালত বসিয়ে বাদীর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে তাকে নির্যাতন করা হয়। পরে জমিজমা বন্ধক রেখে বোনের মাধ্যমে বিকেলে আসামীদের হাতে ৩৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। কিন্তু তারপরও সারারাত নির্যাতন চালিয়ে পরদিন সকালে তাকে গ্রামের মাতব্বরদের হাতে তুলে দেওয়া হয়।
নির্যাতনে বাদী চিরতরে পঙ্গু হয়ে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
শীর্ষ ছয় জঙ্গির ফাঁসি হওয়ায় পরিবেশ কিছুটা শান্ত মনে করে এবং বর্তমান সরকারের সময় ন্যায়বিচারের আশায় এখন মামলা দায়ের করছেন বলেও বাদী এজাহারে উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২৩৫ ঘ.
bdnews24