বগুড়া, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার আদমদীঘি উপজেলার জোর পুকুরিয়া গ্রামের ইসমাইল হোসেন হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
একই মামলায় আরও পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার বগুড়ার অতিরিক্ত জেলা দায়রা জজ কাজী শাহিনা নিগার এ রায় দেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- জোর পুকুরিয়া গ্রামের বাসেদ আলীর ছেলে আব্দুল মজিদ, মজো আকন্দের ছেলে আব্দুর রহমান।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুর জলিলের ছেলে ফারুক, আব্দুর রহমানের ছেলে আসাদুল, হাবিবুর রহমানের ছেলে মজুন, করজবাড়ি গ্রামের ইসমাইলের ছেলে ভোলা ও দমদমা গ্রামের আব্দুল জলিলের ছেলে শুকরা।
অভিযোগ প্রমানিত না হওয়ায় ১২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।
১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর রাত ২টায় আসামিরা ইসমাইলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তার বাড়িঘর ভাঙচুর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। ঘটনার ১০ দিন পর ইসমাইল চিকিৎসাধীন আবস্থায় মারা যান।
এ ঘটনায় তার ছেলে একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খোদা বকস তালুকদার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
আসামি পক্ষের আইনজীবী মীর ইকবাল হোসেন ও রেজাউল করিম মন্টু জানান, উচ্চ আদালতে আপিল করবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৫ ঘ.
bdnews24