২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ২৫ হাজার স্কুলশিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী

সরকার সারাদেশে আরও ২৫ হাজার স্কুল শিক্ষক নিয়োগ দেবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন। তিনি মঙ্গলবার বলেন, "প্রাথমিক বিদ্যালয়ের জন্য ইতোমধ্যেই আমরা ২০ হাজার শিক্ষক নিয়োগ করেছি। আরও ২৫ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 07:00 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সারাদেশে আরও ২৫ হাজার স্কুল শিক্ষক নিয়োগ দেবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন। তিনি মঙ্গলবার বলেন, "প্রাথমিক বিদ্যালয়ের জন্য ইতোমধ্যেই আমরা ২০ হাজার শিক্ষক নিয়োগ করেছি। আরও ২৫ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।" হোটেল সোনারগাঁওয়ে 'অষ্টম আন্তর্জাতিক ভাষা এবং উন্নয়ন সম্মেলন'র উদ্বোধনের পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ জানান, সরকার কওমি মাদ্রাসার পাঠ্যসূচি পরিবর্তনের বিষয়ে চিন্তা-ভাবনা করছে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাই যেন তারা বাস্তব জীবনে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে পারে। শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) বাংলাদেশ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (আইজিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় ব্রিটিশ কাউন্সিল তিন দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো 'ভাষা ও উন্নয়ন: সমাজ সাংস্কৃতিক ইস্যু ও চ্যালেঞ্জ'। সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ভাষা বাংলাদেশীদের জন্য একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তিনি বলেন, "আমি মনে করি সম্মেলনের এ প্রতিপাদ্য বাংলাদেশে ভাষা ও উন্নয়ন বিষয়ক সব ধরনের ইস্যু ও চ্যালেঞ্জকে তুলে ধরবে।" আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়, উন্নয়নশীল দেশে ভাষা নীতি, জেন্ডার, সাংস্কৃতিক পরিচয় এবং সামাজিক বহুমাত্রিকতার বিষয়গুলো আলোচনায় তুলে আনাই এ সম্মেলনের লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্টিফেন ইভান্স বলেন, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মধ্যে সৃজনশীল আলোচনার পথ খুলে দেবে। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক চার্লস নাট্টালও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচন/এফএফ/এমআই/১৩০৬ ঘ.