ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও শিশুদের পুষ্টি নিশ্চিত করাসহ বিশ্ব মন্দার প্রভাব মোকাবেলায় বাংলাদেশসহ পাঁচটি দেশকে নিয়ে নতুন একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সোমবার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ফোরামে ভারত, পাকিস্তান ও নেপালসহ অন্য একটি দেশ থাকবে। তবে সেই দেশটির নাম তিনি প্রকাশ করেননি।
খাদ্যমন্ত্রী বলেন, মন্দার প্রভাব মোকাবেলায় সার্ক দেশগুলোর উদ্যোগে সম্মিলিত পদক্ষেপও নেওয়া হবে।
এছাড়া যে পাঁচটি দেশকে নিয়ে ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই দেশগুলো প্রাথমিকভাবে তথ্য বিনিময় করবে বলে তিনি জানান।
আব্দুর রাজ্জাক বলেন, অর্থ, খাদ্য ও জ্বালানি নিয়ে সামাজিক নিরাপত্তা গড়ে তোলা সংক্রান্ত দুটি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিশ্বব্যাংক বড় অংকের অর্থ বিনিয়োগের আশ্বাস দিয়েছে।
বিশ্ব মন্দা মোকাবেলা ছাড়াও বিশ্বব্যাংক খাদ্য ও জ্বালানি খাতে দীর্ঘ মেয়াদী প্রণোদনা-সহায়তা দিতেও রাজি হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।
গত ১৬ থেকে ১৯ জুন পর্যন্ত মিশরের কায়রো ও সুইজারল্যান্ডের জেনেভায় সম্মেলন দু'টি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পৃথক দু'টি প্রতিনিধি দল অংশ নেয়। দল দু'টির নেতৃত্ব দেন আব্দুর রাজ্জাক।
আন্তর্জাতিক সম্মেলন দু'টির সিদ্ধান্ত জানানোর জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খাদ্য সচিব মোখলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার এ বছর ১০০ দিনের কর্মসৃজন কর্মসুচির আদলে 'দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি কর্মসুচি' নামের নতুন একটি প্রকল্প হাতে নিচ্ছে। এ কর্মসূচিতেও বিশ্বব্যাংক অর্থায়ন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/টিআর/১৯২৭ ঘ.
bdnews24