২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগন্যালে গাফিলতিতে দুইজন বরখাস্ত, এক আহতের মৃত্যু

কমলাপুর রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সিগন্যাল দেখানোয় গাফিলতির অভিযোগে দুই জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তরা হলেন প্ল্যাটফর্ম স্টেশন ম্যানেজার খাদেমুল বাশার ও কেবিন স্টেশন ম্যানেজার সাইফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলাপুর রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সিগন্যাল দেখানোয় গাফিলতির অভিযোগে দুই জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তরা হলেন প্ল্যাটফর্ম স্টেশন ম্যানেজার খাদেমুল বাশার ও কেবিন স্টেশন ম্যানেজার সাইফুল ইসলাম। এদিকে দুর্ঘটনায় আহত রেলের নিরাপত্তাকর্মী নাহিদ হোসেন বিকেলে হাসপাতালে মারা গেছেন বলে নিরাপত্তা বাহিনীর কমাণ্ডান্ট ইকবাল হোসেন জানিয়েছেন। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক টি এ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ও ঢাকা থেকে ময়মনসিংহগামী ঈশাখা এক্সপ্রেস ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। রেলওয়ের আরেক অতিরিক্ত মহাপরিচালক কাজি আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কর্তব্য পালনে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রেলওয়ের যুগ্ম মহাপরিচালক মো. শাহজাহান বলেন, "রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করে সিগন্যালের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বরখাস্ত দুইজন সিগন্যাল ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।" তদন্ত শেষে তাদের বিষয়ে কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান এই কর্মকর্তা। বিকেল পৌনে চারটায় কমলাপুর স্টেশনে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/১৯০১ঘ.