ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলাপুর রেল স্টেশনে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রেল কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বিকেল পৌনে চারটায় কমলাপুর স্টেশনে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন জানান, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, "প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগন্যালের ভুলের কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।"
বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ও ঢাকা থেকে ময়মনসিংহগামী ঈশাখা এক্সপ্রেস ট্রেনের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপরারেশন) কাজী আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা রেললাইন থেকে ইঞ্জিন ও বগিগুলো সরিয়ে নিয়েছি এবং রাজশাহীগামী সিল্ক সিটি বিকেল পৌনে চারটায় কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।"
তিনি বলেন, "এ দুর্ঘটনায় রেলওয়ের দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।"
রেলের অপর অতিরিক্ত মহাপরিচালক টি এ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছয় থেকে সাতজন যাত্রী সামান্য আহত হয়েছেন।"
জিআরপি থানার উপ-পরিদর্শক নূর হোসেন জানান, মহানগর প্রভাতী ট্রেনটি স্টেশনে ঢুকছিল এবং ঈশাখা ট্রেনটি পজিশন নিচ্ছিল। এসময়ই দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ঈশাখায় বেশি লোক ছিল না। তবে প্রত্যক্ষদর্শীরা উর্দি পরা নিরাপত্তাকর্মীদের রক্তাক্ত অবস্থায় দেখেছেন। এদের মধ্যে দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে দমকল কর্মীরা। তারা হলেন- রেলের নিরাপত্তাকর্মী আব্দুর রহমান (২৮), নাহিদ (৩০) ও বস্তিবাসী রফিকুল ইসলাম (৪০)। দুই নিরাপত্তাকর্মীর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার জানান, ৩/১৪৪ ক্রসিং পয়েন্টে (ডাউন ঘুন্টি) দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহানগর প্রভাতীর ইঞ্জিনের পেছনের পাওয়ার কার ইঞ্জিনের ওপরে উঠে যায়। তবে অন্যান্য বগিগুলো অক্ষত রয়েছে। ঈশাখার ইঞ্জিনের পেছনের বগির একটা অংশ ইঞ্জিনের ভেতরে ঢুকে গেছে।
রেল কর্মকর্তারা জানান, ঈশাখা ট্রেনটির বেলা ১১ টা ১০ মিনিটে কমলাপুর স্টেশন ছাড়ার কথা ছিল। কিন্তু ছেড়েছে আড়াইটায়। অপর দিকে মহানগর প্রভাতী ট্রেনটির বেলা ১ টা ৫৫ মিনিটে স্টেশনে ঢোকার কথা ছিল। কিন্তু ট্রেনটি পৌঁছে বেলা আড়াইটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/কেআরসি/এফএফ/এইচএ/১৭৫৫ ঘ.
bdnews24